শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রশ্নপত্র ফাঁসের তথ্য যাচাই না করে বিবৃতি দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সমালোচনা করেছেন।
শনিবার (২৫ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ তার ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, কথিত প্রশ্নপত্র ফাঁসের প্রচারণা আসলে একটি গুজব, যা ইতোমধ্যে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ অবস্থায় কোনো ধরনের ফ্যাক্টচেক ছাড়াই এনসিপির দেওয়া বিবৃতি ‘নিন্দনীয়’ এবং ‘হতাশাজনক’ বলে উল্লেখ করা হয়।
এর আগে এক বিবৃতিতে এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। দলটি দাবি করে, বিষয়টিতে দায়িত্বশীলদের কার্যকর পদক্ষেপের অভাব শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বহীনতাকে প্রকাশ করছে।
এনসিপির অভিযোগ অনুযায়ী, শিক্ষামন্ত্রী শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নের চেয়ে পরীক্ষার হল তদারকিতে বেশি গুরুত্ব দিচ্ছেন। তারা আরও বলে, নকল প্রতিরোধের কথা বলা হলেও প্রশ্নফাঁসের মতো গুরুতর বিষয়ে মন্ত্রণালয়ের যথাযথ নজরদারি নেই।
দলটি আরও উল্লেখ করে, গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে গত ২০ তারিখ থেকে প্রশ্নফাঁস শুরু হলেও তা রোধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে শিক্ষা ব্যবস্থার মারাত্মক ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।
এছাড়া এনসিপি দাবি করে, প্রশ্নফাঁস সমস্যার সমাধান না করে পরীক্ষা চালিয়ে যাওয়া উচিত নয় এবং এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।