আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা অনিশ্চয়তায়

detaillogo
ডেস্ক নিউজ
২৫ এপ্রিল ২০২৬, ১৭:১১
PostImage

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে শুরু হওয়া শান্তি আলোচনা নতুন করে অনিশ্চয়তায় পড়েছে।


মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে শুরু হওয়া শান্তি আলোচনা নতুন করে অনিশ্চয়তায় পড়েছে। প্রথম দফার আলোচনা ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় দফা আয়োজনের সম্ভাবনাও কার্যত নাকচ হয়ে গেছে।


শনিবার (২৫ এপ্রিল) পাকিস্তান-এর ইসলামাবাদ সফর শেষে ইরানি প্রতিনিধিদল দেশটি ত্যাগ করে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট করে জানান, তারা ওয়াশিংটনের সঙ্গে কোনো বৈঠকে বসবেন না। ফলে সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনার ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।


অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-ও ইরানের সঙ্গে আলোচনার জন্য তার প্রতিনিধিদলকে ইসলামাবাদ পাঠানোর সিদ্ধান্ত বাতিল করেছেন। এই দলে মধ্যপ্রাচ্যে নিযুক্ত বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার থাকার কথা ছিল।

ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, দীর্ঘ সফর করে আলোচনায় বসার প্রয়োজন নেই, কারণ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই উদ্যোগ নেওয়ার দরকার নেই। তার ভাষায়, ইরান চাইলে যোগাযোগ করতে পারে, তবে যুক্তরাষ্ট্র এখন আর আলোচনায় তাড়াহুড়ো করছে না।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প ইরানের নেতৃত্বে ‘অন্তর্দ্বন্দ্ব’ ও ‘বিভ্রান্তি’র অভিযোগ তোলেন এবং সফর বাতিলের সিদ্ধান্তের কথা জানান।


উল্লেখ্য, এর আগে এপ্রিলের মাঝামাঝি সময়ে ইসলামাবাদ-এ অনুষ্ঠিত প্রথম দফার আলোচনায় দুই পক্ষ অংশ নিলেও তা কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। ইরানের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

বর্তমান পরিস্থিতিতে ইরানের প্রতিনিধিদলের পাকিস্তান ত্যাগ এবং যুক্তরাষ্ট্রের সফর বাতিলের ফলে দ্বিতীয় দফার শান্তি আলোচনার সম্ভাবনা কার্যত থমকে গেছে। এতে বিদ্যমান যুদ্ধবিরতি টিকে থাকবে কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। এছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।