সংসদ সদস্যদের (এমপি) জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করে ‘সংসদ-সদস্য পারিতোষিক ও ভাতাদি (সংশোধন) বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিলটি পাস করা হয়। বিল পাসের ফলে এখন থেকে সংসদ সদস্যরা আর শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগ পাবেন না। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
এর আগে সংসদ সদস্যদের দীর্ঘদিনের এই শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন পায়।
গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘দ্য মেম্বার্স অব পার্লামেন্ট (রেমিউনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস) (সংশোধন) আদেশ ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
প্রসঙ্গত, সরকারি ও বিরোধী—উভয় দলের সদস্যরাই আগে থেকেই শুল্কমুক্ত গাড়ি সুবিধা না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে আইনে পরিবর্তন আনা হয়েছে। তবে সংসদ সদস্যরা বিকল্প হিসেবে সরকারি গাড়ি সুবিধার দাবি তুলেছেন, যা সরকার বিবেচনা করছে।