সারাদেশ

রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু: পারমাণবিক বিদ্যুৎ যুগে বাংলাদেশ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল ২০২৬, ১২:৫৫
PostImage

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এর প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এর প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসেবে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। এটিকে দেশের কার্বনমুক্ত বিদ্যুৎ উৎপাদনের পথে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় এই কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করল দেশ। প্রকল্প সূত্রে জানা যায়, রুশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই তারিখ নির্ধারণ করা হয়। দুপুর আড়াইটায় অতিথিদের উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে নির্ধারিত সময়েই উদ্বোধন সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম-এর মহাপরিচালক আলেক্সি লিখাচেভ।


এ ছাড়া আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা-এর প্রতিনিধি ও রুশ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন। সরকারি সূত্র জানায়, আলেক্সি লিখাচেভ উদ্বোধনের আগে ঢাকায় এসে তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরে হেলিকপ্টারে প্রকল্প এলাকায় যান।

প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, জ্বালানি লোডিংয়ের তিন মাসের মধ্যে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। প্রাথমিকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ২০২৭ সালের জানুয়ারির মধ্যে পূর্ণ সক্ষমতায় পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


এর আগে ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিট পরিচালনার লাইসেন্স ও ৫২ জন বিশেষজ্ঞের অনুমোদন দেয়। পদ্মা নদীর তীরে ঈশ্বরদীতে প্রায় ১২.৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই মেগাপ্রকল্পের দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে।