পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১১৩টি ফ্লাইটে ৪৪ হাজার ৯৫৫ জন হাজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার (৪ মে) সকালে প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
হাজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪০ হাজার ৮৮৪ জন।
এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন।
হজ বুলেটিন অনুযায়ী, বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে যাত্রী পরিবহন করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫২টি ফ্লাইটে ২১ হাজার ৩০১ জন, সৌদি এয়ারলাইন্সের ৪১টি ফ্লাইটে ১৫ হাজার ৪২৫ জন এবং ফ্লাইনাসের ২০টি ফ্লাইটে ৮ হাজার ২২৯ জন সৌদি আরবে পৌঁছেছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এ কার্যক্রম পরিচালনায় যুক্ত রয়েছে ৬৬০টি এজেন্সি, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।
গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
হজ অফিস সূত্রে জানা গেছে, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ পালন শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।