জাতীয়

মব কালচার বন্ধে আইন যুগোপযোগী করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১০ মে ২০২৬, ১৭:০১
PostImage

দেশে মব কালচার পুরোপুরি বন্ধ করতে বিদ্যমান আইন সংশোধন ও সংযোজন করে যুগোপযোগী করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


দেশে মব কালচার পুরোপুরি বন্ধ করতে বিদ্যমান আইন সংশোধন ও সংযোজন করে যুগোপযোগী করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে জুয়া, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।


রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত দুই মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। পরিস্থিতি আরও উন্নত করতে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে অপরাধের ধরন ও মাত্রাও পরিবর্তিত হয়েছে। আধুনিক অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ ও দক্ষতা বাড়ানো জরুরি। তা না হলে অপরাধ দমনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব হবে না।


মন্ত্রী আরও জানান, জুয়া, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধে আরও কার্যকর ও যুগোপযোগী আইন প্রণয়নের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে নতুন আইন প্রণয়ন করা হবে। মব কালচার প্রসঙ্গে তিনি বলেন, “এ ধরনের পরিস্থিতি পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে বিদ্যমান আইনকে সংশোধন ও সংযোজন করে আধুনিক ও কার্যকর করা হবে।” এ সময় তিনি পুলিশ বাহিনীকে জনগণের প্রত্যাশা ও জনআকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন আইজিপি মো. আলী হোসেন ফকির এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম।