আন্তর্জাতিক

ইরান ইস্যুতে একমত ট্রাম্প-শি

detaillogo
ডেস্ক নিউজ
১৫ মে ২০২৬, ০৮:১২
PostImage

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সাম্প্রতিক বৈঠকে তিনি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরান ইস্যু নিয়ে আলোচনা করেছেন।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সাম্প্রতিক বৈঠকে তিনি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরান ইস্যু নিয়ে আলোচনা করেছেন। উভয় নেতা হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে— সে বিষয়ে একমত হয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ তথ্য জানান। তিনি বলেন, “আমরা অনেক জটিল সমস্যার সমাধান করেছি, যেগুলো অন্য কেউ হয়তো সমাধান করতে পারত না।” একই সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্ক এবং বাণিজ্য নিয়েও ইতিবাচক মন্তব্য করেন ট্রাম্প। তিনি দাবি করেন, চীনের সঙ্গে তিনি “দারুণ বাণিজ্য চুক্তি” করেছেন। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর বুধবার (১৩ মে) রাতে বেইজিং পৌঁছান ডোনাল্ড ট্রাম্প। এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।


পরদিন বৃহস্পতিবার (১৪ মে) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন তিনি। বৈঠকের শুরুতে শি জিনপিং বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের “প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার” হওয়া উচিত এবং “পুরো বিশ্বই তা দেখছে”। ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়, যা নির্ধারিত সময়ের দ্বিগুণ। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এক শব্দে বলেন, “চমৎকার”।

পরে দুই নেতা বেইজিংয়ের ঐতিহাসিক টেম্পল অব হেভেন পরিদর্শন করেন।এদিন রাতে ট্রাম্প, যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সম্মানে জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেন শি জিনপিং। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশের নেতারা তাইওয়ান ও ইরানসহ বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য আপাতত পাশে রেখে বাণিজ্যিক সহযোগিতার দিকেই বেশি গুরুত্ব দিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।


বেইজিং সফরের শেষ দিনে শুক্রবার (১৫ মে) আবারও শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। পরে তারা বেইজিংয়ের ঐতিহাসিক ঝংনানহাই নেতৃত্ব কমপ্লেক্স পরিদর্শন করেন। রাষ্ট্রীয় সফর শেষে এয়ার ফোর্স ওয়ানে চীন ত্যাগ করেন ডোনাল্ড ট্রাম্প। বিদায়ের সময় তাকে জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিক বিদায় জানানো হয়।