রাজনীতি

স্বাস্থ্য খাতে জরুরি অবস্থা জারি করা প্রয়োজন: নাহিদ ইসলাম

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৬ মে ২০২৬, ১৭:৩২
PostImage

হামে চারশ’র বেশি শিশুর মৃত্যু সরকারের ব্যর্থতার ফল বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম।


হামে চারশ’র বেশি শিশুর মৃত্যু সরকারের ব্যর্থতার ফল বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকার শুধু অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপিয়ে নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছে শনিবার (১৬ মে) রাজধানীর তোপখানা রোডে বিএমএ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির যুব উইং জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য খাতে জরুরি অবস্থা জারি করা প্রয়োজন। দেশের স্বাস্থ্য ব্যবস্থা বড় সংকটের মধ্যে রয়েছে, কিন্তু সরকার তা কার্যকরভাবে মোকাবিলা করতে পারছে না।

তিনি আরও বলেন, সরকার শুরু থেকেই সংসদকে কার্যকর করতে ব্যর্থ হয়েছে। শুধু জনসংযোগ কৌশল দিয়ে দেশ পরিচালনা সম্ভব নয়, জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে।

ভারত প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশকে ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত করা হচ্ছে। এ বিষয়ে নতুন চুক্তির মাধ্যমে দেশের স্বার্থ রক্ষা নিশ্চিত করার দাবি জানান তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি সংসদে আলোচনা না হওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক।

তিনি বলেন, সরকারের কার্যক্রমের ওপরই নির্ভর করবে মধ্যবর্তী নির্বাচনের প্রয়োজন হবে কি না। পাশাপাশি সংস্কার কার্যক্রম নিয়ে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এক কোটি কর্মসংস্থান তৈরির ঘোষণা দেওয়া হলেও এখন পর্যন্ত তার বাস্তব অগ্রগতি দেখা যাচ্ছে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আখতার হোসেনসহ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা।