শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ব্রিফিংয়ে এসব কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, কর্মসূচির সময়ের মধ্যেই পবিত্র ঈদ অনুষ্ঠিত হবে। তাই আলোচনা সভাসহ কিছু আয়োজন দু-একদিন পরে হলেও কোনো সমস্যা হবে না।
রুহুল কবির রিজভী বলেন, আগামী ৩০ মে ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। একইদিন বেলা ১১টায় দলের মহাসচিব ও সিনিয়র নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন। এ সময় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন।
এ ছাড়া আগামী ৩১ মে দুপুর ২টায় রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানায় দুস্থ মানুষের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলেও জানান তিনি।
এছাড়া সারা দেশে বিএনপির উদ্যোগে জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের কর্মসূচিও পালন করা হবে।