রাজনীতি

জামায়াতের সঙ্গে সমঝোতা ভাঙার কারণ জানালেন চরমোনাই পীর

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৮ মে ২০২৬, ১৬:৫১
PostImage

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর এর সঙ্গে রাজনৈতিক সমঝোতা ভেঙে যাওয়ার পেছনের নানা কারণ তুলে ধরেছেন আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর এর সঙ্গে রাজনৈতিক সমঝোতা ভেঙে যাওয়ার পেছনের নানা কারণ তুলে ধরেছেন আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক, নতুন দলকে নিয়ে একক সিদ্ধান্ত এবং ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনার প্রশ্নে মতবিরোধের কারণেই জোট টেকেনি।

সোমবার (১৮ মে) রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন দলটির আমির। সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেয়র প্রার্থীদের নামও ঘোষণা করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, সমঝোতায় নতুন দল যুক্ত করা ও আসন বণ্টনের বিষয়ে আগের শরিকদের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এছাড়া ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক, ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার পরিবর্তে বিদ্যমান আইনে দেশ চালানোর অঙ্গীকার এবং মার্কিনিদের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ‘উগ্রবাদী’ হিসেবে উপস্থাপন করাও সমঝোতা ভাঙার কারণ হয়ে দাঁড়ায়।

তিনি বলেন, “এরপরও সমঝোতা ধরে রাখতে নানা চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি।” চরমোনাই পীর আরও বলেন, “শুধু এমপি বা মন্ত্রিত্বের জন্য আমরা রাজনীতি করি না। ইসলাম, দেশ, জাতি ও মানবতার পক্ষে আমরা অটল থাকব। ভবিষ্যতেও এই আদর্শের ভিত্তিতে জোট হতে পারে।” জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছেন, সে বিষয়ে তারা আস্থা রাখতে চান।

এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিকে ‘গোলামির চুক্তি’ উল্লেখ করে তা বাতিলের দাবি জানান তিনি। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমির। তিনি বলেন, বিজেপি যা করছে তা কোনো সভ্য রাষ্ট্রের আচরণ হতে পারে না। এর মাধ্যমে ভারতের ধর্মনিরপেক্ষতার দাবিও প্রশ্নবিদ্ধ হচ্ছে।