শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে। মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা দেখা যাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, “অংশীজনরা যদি প্রয়োজন মনে করেন, তাহলে পরীক্ষার সূচি আবারও পরিবর্তন করা হতে পারে।” এর আগে শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি শুরু হবে। একই সঙ্গে দীর্ঘদিনের সেশনজট কমিয়ে আনতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষাবর্ষকে নিয়মিত ও সময়োপযোগী করতে পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাসের বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামত মূল্যায়ন করা হবে