জাতীয়

মায়ের প্রতি অবহেলায় পদ হারালেন সেই যুগ্ম সচিব

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৩ জুন ২০২৬, ১৪:১৮
PostImage

রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের পচনধরা মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলে যুগ্ম সচিব আনিসুর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সরকার।


রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের পচনধরা মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলে যুগ্ম সচিব আনিসুর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সরকার। তাকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।


বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর আগে গত রোববার (৩১ মে) রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকার একটি বাসা থেকে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, মরদেহটি দীর্ঘ সময় পড়ে থাকায় পচে গিয়েছিল এবং তাতে পোকা ধরেছিল।


ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এরই ধারাবাহিকতায় আনিসুর রহমানকে তার দায়িত্বপূর্ণ পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে আরও প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


উল্লেখ্য, ২০১৩ সালের পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী সন্তানেরা তাদের পিতা-মাতার ভরণপোষণ, চিকিৎসা ও সার্বিক দেখভালের দায়িত্ব পালনে বাধ্য। আইন লঙ্ঘনের ক্ষেত্রে অর্থদণ্ড ও কারাদণ্ডের বিধান রয়েছে।