দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা।
শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন সোনার দাম (প্রতি ভরি) ২২ ক্যারেট: ২,২৯,৩৭৩ টাকা এবং ২১ ক্যারেট: ২,১৮,৯৩৩ টাকা ও ১৮ ক্যারেট: ১,৮৭,৬৭৪ টাকা, সনাতন পদ্ধতি: ১,৫২,৮৫৭ টাকা। এর আগে গত ২ জুন বাজুস ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করেছিল।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৭১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বৃদ্ধি এবং ৩৪ বার দাম কমানো হয়েছে। রুপার দামও কমেছে, সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। প্রতি ভরি রুপার দাম ৪০৮ টাকা কমানো হয়েছে।
নতুন দর অনুযায়ী:২২ ক্যারেট রুপা: ৫,২৪৯ টাকা এবং ২১ ক্যারেট রুপা: ৪,৯৫৭ টাকা ও ১৮ ক্যারেট রুপা: ৪,২৫৭ টাকা, সনাতন পদ্ধতির রুপা: ৩,২০৮ টাকা। চলতি বছরে রুপার দাম ৪২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২২ বার দাম বেড়েছে এবং ২০ বার কমেছে।