রাজধানীর বায়ু, পানি ও পরিবেশদূষণ ভয়াবহ আকার ধারণ করায় ঢাকা শহরকে আর বাসযোগ্য মনে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ইদানীং তার মনে হচ্ছে ঢাকা ছেড়ে দেশের অন্য কোনো শহরে গিয়ে বসবাস করবেন।
শনিবার (৬ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘দক্ষিণের জানালা’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, রাজধানীতে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলেও নগরবাসী প্রকৃতপক্ষে কতটুকু উপকৃত হচ্ছে, তা মূল্যায়ন করা প্রয়োজন। বাসযোগ্য নগর গড়তে কার্যকর পরিকল্পনা, জবাবদিহি এবং কাঠামোগত পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, “আজকাল আমার নিজেরই মনে হয় যে আমি ঢাকা শহরে থাকব না; আমি আমার দেশের অন্য শহরে গিয়ে থাকব। কারণটা হচ্ছে, এটা আর বাসযোগ্য মনে হয় না।” রাজধানীর দূষণ পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, ঘর থেকে বের হলেই মানুষ দূষিত বাতাস গ্রহণ করছে। সরকারি হাসপাতালগুলোর অবস্থাও উদ্বেগজনক। প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন ও কার্যকর না করতে পারলে উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকার নদ-নদীর দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, একসময় তিনি নিয়মিত বুড়িগঙ্গা নদী-তে নৌভ্রমণ করতেন। কিন্তু বর্তমানে নদীটির পানি এতটাই দূষিত ও দুর্গন্ধযুক্ত যে সেখানে যাওয়া কঠিন হয়ে পড়েছে। একই পরিস্থিতির দিকে এগোচ্ছে শীতলক্ষ্যা নদী বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “ঢাকা শহরের অনেক সমস্যার মূলেই হয়তো বুড়িগঙ্গা। নদীগুলোকে দূষণমুক্ত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
রাজধানীর পানির মান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্থানীয় সরকার মন্ত্রী। তিনি জানান, সাম্প্রতিক মন্ত্রিসভা বৈঠকেও এ বিষয়টি আলোচনা হয়েছে। তার মতে, ঢাকার একটি বড় অংশের পানি পানযোগ্য নয় এবং ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ায় ভবিষ্যতে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।
মন্ত্রী আরও বলেন, শুধু নাগরিকদের সচেতন করলেই হবে না; যারা নগর পরিচালনা ও উন্নয়ন পরিকল্পনার সঙ্গে যুক্ত, তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে বুড়িগঙ্গা, তুরাগ নদী এবং অন্যান্য নদী পুনরুদ্ধারে কার্যকর প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।