জাতীয়

সংসদে নারী সদস্যদের স্বাগত জানিয়ে স্পিকার: ‘আজ সংসদ অনেক কালারফুল’

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৭ জুন ২০২৬, ১৫:২৯
PostImage

সংরক্ষিত নারী আসনের ৫০ জন সদস্যকে জাতীয় সংসদে স্বাগত জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, নারী সদস্যদের উপস্থিতিতে সংসদ আজ পূর্ণতা পেয়েছে এবং অনেক বেশি প্রাণবন্ত ও বর্ণিল হয়ে উঠেছে।


সংরক্ষিত নারী আসনের ৫০ জন সদস্যকে জাতীয় সংসদে স্বাগত জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, নারী সদস্যদের উপস্থিতিতে সংসদ আজ পূর্ণতা পেয়েছে এবং অনেক বেশি প্রাণবন্ত ও বর্ণিল হয়ে উঠেছে। রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনের বৈঠকে শোকপ্রস্তাব গ্রহণ, এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত শেষে তিনি এ মন্তব্য করেন।


স্পিকার বলেন, “আজ সংসদ অনেক কালারফুল দেখা যাচ্ছে। নারী সদস্যদের আগমনের ফলে সংসদ আজ পূর্ণতা পেয়েছে। তাঁদের অভিনন্দন।” অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সদস্য রেহানা আক্তার রানু সম্পূরক প্রশ্ন করার সুযোগ পেয়ে সংসদে নারী সদস্যদের আরও বেশি কথা বলার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “ফুল ফুটুক আর নাই ফুটুক, এই সংসদে আজ বসন্ত। আমরা যদি কথা বলার সুযোগ পাই, তাহলে ৫০টি অলংকার নয়, ৫০টি নারী জাতির অহংকার হিসেবে নিজেদের পরিচিত করতে পারব।”


নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে রেহানা আক্তার রানু স্পিকারের উদ্দেশে বলেন, প্রায় ৩০ বছর আগে তিনি তাঁর নির্বাচনী এলাকার এক জনসভায় বক্তব্য দিয়েছিলেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে সাতবার সংসদ সদস্য হওয়ার ইচ্ছাও প্রকাশ করেন।

তবে বক্তব্য দীর্ঘ হয়ে যাওয়ায় স্পিকার তাঁকে কার্যপ্রণালি বিধি অনুসরণ করে প্রশ্নে আসার অনুরোধ জানান। তিনি বলেন, সংসদ কার্যপ্রণালি বিধি অনুযায়ী পরিচালিত হবে এবং প্রশ্নোত্তর পর্বে নির্ধারিত প্রশ্নের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে।


পরে রেহানা আক্তার রানুর বক্তব্যের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, “আমি ধরে নেব, তিনি যা বলেছেন, সেটি সংরক্ষিত নারী আসনের সব সদস্যের বক্তব্য। তাই একই বিষয় পুনরাবৃত্তির প্রয়োজন নেই।”

রেহানা আক্তারের সাতবার সংসদ সদস্য হওয়ার আকাঙ্ক্ষার জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “বক্তৃতা দিয়ে সাতবার এমপি হওয়া যায় না। এলাকায় মানুষের সঙ্গে মিশে কাজ করতে হবে। তাহলে সাতবার কেন, ২৭ বারও এমপি হতে পারবেন ইনশা আল্লাহ।”