আন্তর্জাতিক

চুক্তি মানা ছাড়া নেতানিয়াহুর সামনে বিকল্প নেই: ট্রাম্প

detaillogo
ডেস্ক নিউজ
০৮ জুন ২০২৬, ০৩:৫৬
PostImage

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বর্তমান পরিস্থিতিতে একটি চুক্তি মেনে নেওয়া ছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সামনে আর কোনো বিকল্প নেই।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বর্তমান পরিস্থিতিতে একটি চুক্তি মেনে নেওয়া ছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সামনে আর কোনো বিকল্প নেই। যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই রোববার রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর পরপরই এমন মন্তব্য করেন ট্রাম্প।


তিনি বলেন, এ অঞ্চলের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিচ্ছেন। তাই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র যে ধরনের চুক্তিই করুক না কেন, নেতানিয়াহুকে তা মেনে নিতে হবে। ট্রাম্পের ভাষায়, “আমিই সিদ্ধান্ত নিচ্ছি। তিনি সিদ্ধান্ত নেওয়ার কেউ নন।” মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইসরায়েলের ওপর ইরানের হামলা কোনোভাবেই চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টাকে প্রভাবিত করেনি। তিনি আশা প্রকাশ করেন, উত্তেজনা না বাড়িয়ে সব পক্ষ আলোচনার পথে ফিরে আসবে।


ইরানকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, “ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বন্ধ করুন, আলোচনার টেবিলে ফিরে আসুন এবং একটি সমঝোতায় পৌঁছান।” তিনি আরও জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন করে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা না চালানোর আহ্বান জানাবেন। তার মতে, উভয় পক্ষই নিজেদের অবস্থান তুলে ধরেছে, এখন নতুন সংঘাতের প্রয়োজন নেই।

এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানায়, তারা উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করে তারা।


এদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন গিভির হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে।” মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।