আন্তর্জাতিক

ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, একাধিক দেশে সুনামি সতর্কতা

detaillogo
ডেস্ক নিউজ
০৮ জুন ২০২৬, ০৪:৪৫
PostImage

ফিলিপাইনে আঘাত হেনেছে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প।


ফিলিপাইনে আঘাত হেনেছে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। এর জেরে এশিয়ার কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


স্থানীয় সময় সোমবার (৮ জুন) সকাল ৭টা ৪০ মিনিটে দেশটির মিন্দানাও দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ফিলিপাইনের উপকূলে প্রায় ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। এছাড়া ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু উপকূলীয় এলাকায় ৩ ফুটের বেশি উচ্চতার ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পের পর ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপান সরকার সুনামি সতর্কতা জারি করেছে। দেশগুলো জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক বড় ঢেউ আঘাত হানতে পারে।


ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কো এক জরুরি বার্তায় জনগণকে দ্রুত উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কোনো ধরনের বিলম্ব না করে সবাইকে নিরাপদ স্থানে চলে যেতে হবে। মিন্দানাওয়ের কয়েকটি উপকূলীয় এলাকায় ইতোমধ্যে এর প্রভাব দেখা দিতে শুরু করেছে বলেও জানান তিনি। অন্যদিকে জাপানের প্রধানমন্ত্রী সানাডে তাকাচিও সুনামি সতর্কতা মেনে চলার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশনা এলে তা অবশ্যই অনুসরণ করতে হবে।


যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছে। বর্তমানে উপকূলীয় এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে।