জাতীয়

ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৮ জুন ২০২৬, ০৮:১৯
PostImage

হামে আক্রান্ত শিশুদের মৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ


হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যর্থতা ও মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার (৮ জুন) দুপুরে শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আবেদনটি খারিজ করেন।


এর আগে সকালে কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল আদালতে মামলার আবেদন করেন। মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, তৎকালীন বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এবং সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু জাফরকে আসামি করা হয়।

আবেদনে অভিযোগ করা হয়, হামের টিকা সংকট এবং চিকিৎসা ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে দেশে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। মামলার আবেদনকারী শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, অন্তর্বর্তী সরকারের অবহেলা এবং টিকা আমদানিতে জটিলতার কারণে বিদেশি টিকা আমদানের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। এর ফলে হামের সংক্রমণ সারা দেশে ছড়িয়ে পড়ে।


তিনি আরও বলেন, এ ঘটনায় দায়ীদের শাস্তির আওতায় আনা প্রয়োজন, যাতে ভবিষ্যতে কোনো সরকার শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে অবহেলা করার সুযোগ না পায়। উল্লেখ্য, গত ২০ মে হামের টিকা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থার প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানান, টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করা হয়েছিল এবং পাঁচটি পৃথক চিঠিও দেওয়া হয়েছিল। তবে সে সময় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করা হয়।