শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা মানে সারাদিন শুধু বই পড়া ও জিপিএ-৫ অর্জন নয়। শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও সৃজনশীল শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার ইতোমধ্যে সেই লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে।
শনিবার (১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়-এ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশের লক্ষ্যে নবনির্মিত ‘বিশ্বেশ্বর পোদ্দার’ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সোনারগাঁয়ের মানুষ অত্যন্ত সৌভাগ্যবান। নারায়ণগঞ্জ বন্দরে স্থাপনের পরিকল্পনা থাকা পলিটেকনিক ইনস্টিটিউট এখন সোনারগাঁয়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়া স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন এবং এর জন্য ১০০ বিঘা জমি দেওয়ার ঘোষণাও দিয়েছেন। শিক্ষানীতি অনুযায়ী দ্রুত এ উদ্যোগ বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আগামী শিক্ষাবর্ষে নতুন বই বিতরণে আর কোনো বিলম্ব হবে না। পরীক্ষা শেষ হওয়ার পর ডিসেম্বর মাসের মধ্যেই সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে।
তিনি জানান, শিক্ষার মানোন্নয়নে সরকার ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে শিক্ষকদের পাঠদান কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা হবে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে পুরো প্রক্রিয়া মনিটরিং করা হবে।
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে প্রধান শিক্ষকের পদে উল্লেখযোগ্য শূন্যতা রয়েছে। ৩২ হাজার ৫০০ শিক্ষক নিয়োগের কার্যক্রম আদালতের স্থগিতাদেশের কারণে আটকে আছে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বর্তমানে প্রায় ৮৩ হাজার ৫০০ মামলা চলমান রয়েছে, যা কার্যক্রমের গতি ব্যাহত করছে। এসব মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আইন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে জানান তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়েও সরকার কাজ করছে। পাশাপাশি দেশের শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে জাতীয়করণের পরিকল্পনাও রয়েছে।
আসিফ আল জিনাত-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বি এম আশরাফ উদ্দিন নিজান, আজহারুল ইসলাম মান্নান, মো. রায়হান কবির, মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এবং খাইরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা।
প্রধানমন্ত্রীর দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিরা ফিতা কেটে ও দোয়া পরিচালনার মাধ্যমে ‘বিশ্বেশ্বর পোদ্দার’ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিভা প্রদর্শনী উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।