কক্সবাজারে এক পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী অর্থবছরের বাজেটে মদ, সিগারেট ও বিলাসী পণ্যের ওপর কর বৃদ্ধি করায় বিরোধীদল ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নেমেছে। অথচ সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় ৩৭টি পণ্যের ওপর কর কমানোর বিষয়টি তারা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছে। শনিবার (১৩ জুন) কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “মদ, সিগারেট ও বিলাসী পণ্যের ওপর কর বাড়ানো হয়েছে বলে বিরোধীদল মিছিল-সমাবেশ করছে এবং বাজেট প্রত্যাখ্যানের কথা বলছে। কিন্তু সাধারণ মানুষের ব্যবহৃত ৩৭টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের কর কমানো হয়েছে—সেই বিষয়টি তারা কোথাও উল্লেখ করছে না। এতে স্পষ্ট হয়, তারা জনগণের স্বার্থ নয়, বরং একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ব্যস্ত।” তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো জনগণের জীবনমান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দেশের প্রতিটি ইঞ্চি জমিকে আবাদযোগ্য করে তোলা। বিরোধীদের অযৌক্তিক সমালোচনায় সরকার বিচলিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যে প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে বলেন, প্রায় অর্ধশতাব্দী আগে তিনি পাতলী খাল খননের উদ্যোগ নিয়েছিলেন, যার ফলে এ অঞ্চলের কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। দীর্ঘদিন অবহেলায় খালটির নাব্যতা কমে যাওয়ায় কৃষি ও সেচ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ে। পুনঃখননের মাধ্যমে খালটিকে আবারও সচল করা হচ্ছে, যা স্থানীয় কৃষকদের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।
তারেক রহমান জানান, সরকার দেশব্যাপী প্রায় ৪০ হাজার মিটার খাল পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, “কৃষক লাভবান হলে দেশ লাভবান হবে। খাদ্য উৎপাদন বাড়বে এবং দেশের স্বনির্ভরতা আরও শক্তিশালী হবে।” তিনি আরও বলেন, কৃষক, শ্রমিক ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সরকার কাজ করছে। দরিদ্র কৃষকদের সহায়তায় কৃষক কার্ডের মাধ্যমে ভর্তুকি ও কৃষি সহায়তা আরও সম্প্রসারণ করা হবে বলেও জানান তিনি।
পথসভায় কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বাঁকখালী নদীর ভাঙন রোধে টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানান। তিনি নদীর দুই তীর রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
এর আগে সকাল ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে মাটি কেটে পাতলী খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। টানা বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ অনুষ্ঠানে অংশ নেন। পরে তিনি চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের উদ্দেশ্যে রওনা হন।