জাতীয়

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৫ জুন ২০২৬, ০৮:৫৫
PostImage

নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে


নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।


সোমবার এ বিষয়ে এক গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে যানবাহনের অবস্থান ও চলাচল পর্যবেক্ষণের মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। বিআরটিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সংক্রান্ত প্রজ্ঞাপন গত ১১ জুন জারি করা হয়েছে। জিপিএস ডিভাইসের কারিগরি বিবরণ (স্পেসিফিকেশন) বিআরটিএর স্থানীয় কার্যালয় অথবা বিআরটিএর ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।


এছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী কোনো গণপরিবহনে জিপিএস সংযুক্ত করা হয়েছে কি না, তা যাচাই করার পরই রেজিস্ট্রেশন প্রদান এবং ফিটনেস সনদ নবায়ন করা হবে।

বিআরটিএ জানিয়েছে, নতুন এ নির্দেশনা বাস্তবায়নে গণপরিবহন মালিক, চালক এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা প্রয়োজন। সংস্থাটি আশা করছে, জিপিএস প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গণপরিবহনের চলাচল আরও নিরাপদ, সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক হবে।