মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করলেও ফিফার সর্বশেষ হালনাগাদ বিশ্ব র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ব্রাজিল। বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা শেষে প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে বেশ কয়েকটি দলের অবস্থানে পরিবর্তন এসেছে।
সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফ্রান্স। অন্যদিকে কেপ ভার্দের সঙ্গে ড্র করায় এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে স্পেন।
মরক্কোর সঙ্গে ড্র করলেও ব্রাজিলের র্যাঙ্কিং উন্নত হয়েছে। ডিআর কঙ্গোর সঙ্গে ড্র করে পয়েন্ট হারানোয় পর্তুগাল দুই ধাপ পিছিয়ে সপ্তম স্থানে নেমে গেছে। ফলে ব্রাজিল উঠে এসেছে পঞ্চম স্থানে। একইভাবে ব্রাজিলের বিপক্ষে ড্র করে এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে মরক্কো।
শীর্ষ দশেও এসেছে পরিবর্তন। জার্মানি এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছে। বিপরীতে বেলজিয়াম নেমে গেছে দশম স্থানে। ইংল্যান্ড ও নেদারল্যান্ডস অবশ্য নিজেদের আগের অবস্থান ধরে রেখেছে। তারা যথাক্রমে চতুর্থ ও অষ্টম স্থানে রয়েছে।
তবে র্যাঙ্কিংয়ের শীর্ষে কোনো পরিবর্তন হয়নি। আর্জেন্টিনা আগের মতোই এক নম্বরে রয়েছে। আলজেরিয়ার বিপক্ষে জয় পাওয়ার পর তাদের পয়েন্ট বেড়ে হয়েছে ১৮৮৯ দশমিক ০৬। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্স তাদের চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে।
এদিকে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে ১১তম স্থানে উঠে এসেছে কলম্বিয়া। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৩তম স্থানে জায়গা করে নিয়েছে মেক্সিকো। বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হেরে ক্রোয়েশিয়া তিন ধাপ পিছিয়ে এখন ১৪তম স্থানে অবস্থান করছে।
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্র দুই ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠেছে। জাপান এক ধাপ উন্নতি করে ১৭তম স্থানে পৌঁছেছে। আর ডিআর কঙ্গো তিন ধাপ এগিয়ে এখন ৪৩তম স্থানে অবস্থান করছে।