লেবাননজুড়ে হিজবুল্লাহর সব ধরনের সশস্ত্র তৎপরতা নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।
সোমবার (২ মার্চ, ২০২৬) লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই কঠোর পদক্ষেপের কথা জানান। মূলত সরকারের নীতি উপেক্ষা করে হিজবুল্লাহর ইসরায়েল অভিমুখে রকেট হামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হিজবুল্লাহর রকেট হামলার পর ইসরায়েলের পাল্টা হামলায় লেবাননে অন্তত ৩১ জন নিহত হয়েছেন।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী জানিয়েছেন, হিজবুল্লাহ রাষ্ট্রীয় পরামর্শ ছাড়াই এই হামলা চালিয়েছে, যা দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং লেবাননকে বৃহত্তর যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ হামলায় আয়াতুল্লাহ খামেনিসহ ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব নিহত হন। ইরানের রেড ক্রিসেন্টের তথ্যমতে, ওই হামলায় এখন পর্যন্ত ৫৫৫ জন প্রাণ হারিয়েছেন।
খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরান ও হিজবুল্লাহ পাল্টা আক্রমণ শুরু করেছে। ইরানের আঘাতে ৪ মার্কিন সেনা নিহত এবং কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হিজবুল্লাহর ওপর এই নিষেধাজ্ঞার বাস্তব প্রয়োগ কীভাবে হবে, তা নিয়ে এখনও অস্পষ্টতা রয়ে গেছে।
এমআর/