সারাদেশ

গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নারীসহ গুলিবিদ্ধ ৩

detaillogo
নিজস্ব প্রতিবেদক
৩০ আগস্ট ২০২৬, ১৭:০৫
PostImage

রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।


রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে স্বামীবাগের মুন্সিরটেক এলাকায় এ ঘটনা ঘটে।


গুলিবিদ্ধরা হলেন—হোটেল কর্মচারী মো. সিয়াম (২২), চা দোকানি আলমগীর হোসেন (৩২) এবং গৃহিণী আশা আক্তার (২৮)। আহত সিয়াম জানান, তিনি যাত্রাবাড়ী এলাকায় থাকেন এবং সেখানে একটি হোটেলে কাজ করেন। সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেকে তাঁর ফুপার চায়ের দোকানে এসেছিলেন।


হঠাৎ রাস্তায় মারামারি শুরু হলে তিনি দোকানের ভেতর থেকে শাটার বন্ধ করার চেষ্টা করেন। এ সময় একটি গুলি এসে তাঁর ডান কাঁধে লাগে। আলমগীর হোসেনের স্ত্রী জান্নাতি আক্তার জানান, মুন্সিরটেক এলাকায় তাঁদের চায়ের দোকান রয়েছে। সন্ধ্যায় দোকানের সামনে হঠাৎ মারামারি ও গোলাগুলি শুরু হয়।


তখন আলমগীর দোকানের ভেতরে ছিলেন। সেখানেই তাঁর কপালের ঠিক মাঝ বরাবর গুলি লাগে। আহত আশা আক্তার জানান, তিনি ওই এলাকাতেই থাকেন। সন্ধ্যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ মারামারির মধ্যে পড়ে যান। এ সময় তাঁর ডান পায়ের ঊরুতে গুলি লাগে।


তবে কারা গোলাগুলি করছিল, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) **মো. ফারুক** জানান, গুলিবিদ্ধ তিনজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি রয়েছেন। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এ ঘটনায় কারা জড়িত ছিল এবং কী কারণে গোলাগুলির ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।