শিগগির প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে এ প্রত্যাশার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে ট্রাম্প বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এ দেশের জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি নিজের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার কথাও জানান তিনি।
বোয়িং কেনায় প্রধানমন্ত্রীর প্রতি ট্রাম্পের কৃতজ্ঞতা, চিঠিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট আশ্বস্ত করে বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের কথাও তিনি সব সময় মনে রাখবেন বলে চিঠিতে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাবেন বলে জানা গেছে।