সারাদেশ

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ উদ্ধার

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯
PostImage

একটি তালাবদ্ধ ঘর থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতক সন্তানের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।


সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ঘর থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতক সন্তানের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর মালিকানাধীন একটি ভাড়া বাসা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি তালাবদ্ধ কক্ষ থেকে রাত দেড়টার দিকে অজ্ঞাতনামা এক নারী, এক পুরুষ ও এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে পুরুষের গলায় গামছা প্যাঁচানো ছিল। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত নারী ও পুরুষ স্বামী-স্ত্রী। তবে তাদের পরিচয় ও ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

তিনি আরও জানান, তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু হয়েছে। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পাশাপাশি ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ ও আশুলিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।

নিহতদের পরিচয় ও হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।