কয়েক দিনের বৃষ্টির কারণে রাজধানীর বাজারে ফের বেড়েছে বিভিন্ন সবজির দাম। বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে গোল বেগুন। প্রতি কেজি গোল বেগুন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। এ ছাড়া বরবটির দাম উঠেছে ১২০ টাকা কেজি। তবে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে, প্রতি কেজি ৩০ টাকা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।
আজকের বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৮০ টাকা, বরবটি ১২০ টাকা, ঝিঙা, ধুন্দুল ও চিচিঙ্গা ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, গোল বেগুন ১৪০ টাকা এবং লম্বা বেগুন ১০০ টাকায়। এ ছাড়া প্রতি কেজি করলা ৮০ টাকা, শসা ৮০ টাকা, টমেটো ১০০ টাকা, গাজর ১৪০ টাকা, কচু ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা এবং ঢ্যাঁড়স ৬০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা এবং প্রতি হালি কাঁচা কলা ৪০ টাকায়।
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মালিবাগ বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী জাহিদুর রহমান। তিনি বলেন, ‘আজ বাজার করতে এসে দেখছি সবজিগুলোর দাম বাড়তি। বলতে গেলে সব সবজির দাম বেড়েছে। গত সপ্তাহে তুলনামূলক কম ছিল, আজ দেখছি বাড়তি দাম।’
সবজির দাম বাড়ার বিষয়ে রামপুরা বাজারের সবজি বিক্রেতা তোফাজ্জল হোসেন বলেন, ‘কয়েক দিনের বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমেছে। আজ পাইকারি সবজি কিনতে গিয়ে দেখি, পাল্লা প্রতি সব সবজির দাম বেড়েছে।’
তিনি বলেন, ‘আজকের বাজারে সবচেয়ে বেশি দাম যাচ্ছে বেগুনের, যার প্রতি কেজি ১৪০ টাকা। এ ছাড়া পেঁপের দাম সবচেয়ে কম, যার প্রতি কেজি ৩০ টাকা। বৃষ্টি থেমে গেলে আবার সবজির দাম কমে আসবে।’