সারাদেশ

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ১৯

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭
PostImage

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।


দেশে হামের প্রাদুর্ভাবে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।


শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৯১৯ জন এবং হামে আক্রান্ত হয়ে ১০০ জন মারা গেছেন।


গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮১৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৭০ হাজার ৬৩৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে ৩৯ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ২০ হাজার ৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৪১৩ জন। এ ছাড়া সিলেট বিভাগে ১৫৭ জন, রাজশাহী বিভাগে ৯৩ জন, চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭৭ জন, বরিশাল বিভাগে ৫৭ জন, খুলনা বিভাগে ৩৯ জন এবং রংপুর বিভাগে ১৪ জন মারা গেছেন।