চিকিৎসাসেবা সহজলভ্য ও নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি সাংবাদিকদের জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ই-হেলথ কার্ড চালুর কাজ দ্রুত শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। সরকারের নীতি হলো স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
বৈঠকে বিভিন্ন সরকারি সংস্থার পরিত্যক্ত ভবন চিহ্নিত করে সেগুলো স্বাস্থ্যকেন্দ্র হিসেবে ব্যবহারের বিষয়েও আলোচনা হয়।
রুমন জানান, শুধু এলডিইডির অধীনে প্রায় ১৭০টি পরিত্যক্ত ভবন রয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন—সরকারি ও অধীনস্থ সংস্থার এ ধরনের পরিত্যক্ত ভবনগুলোকে ক্লিনিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে রূপান্তর করতে হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের লক্ষ্য, প্রযুক্তিনির্ভর সেবা ও অব্যবহৃত অবকাঠামো কাজে লাগিয়ে স্বাস্থ্যখাতকে আরও কার্যকর ও জনবান্ধব করা।