নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে সরদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। পরে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে আরও কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যায়। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন এবং নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ জানান, বরিশাল থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়।
খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠান। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মর্মান্তিক এ দুর্ঘটনার খবর পেয়ে নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনি আক্তার ও পুলিশ সুপার মো. শরিফুল হক ঘটনাস্থলে যান। এ ছাড়া দুর্ঘটনার খবর পেয়ে নাটোরে অবস্থানরত জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুও ঘটনাস্থল পরিদর্শনে যান।