নারায়ণগঞ্জে হাম-রুবেলা রোগ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু। তিনি জানিয়েছেন, জেলায় বর্তমানে প্রায় ৭৫ হাজার ডোজ হাম-রুবেলা টিকা মজুদ রয়েছে, যা চাহিদার তুলনায় পর্যাপ্ত।
বুধবার দুপুরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, অতীতে সময়মতো বুস্টার ডোজ দেওয়া হলে হাম রোগের বিস্তার এতটা হতো না। খুব শিগগিরই সারাদেশে পুনরায় টিকাদান কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।
রূপগঞ্জে দুই শিশুর মৃত্যুর প্রসঙ্গে তিনি বলেন, তারা শুধু হাম নয়, অন্যান্য রোগেও আক্রান্ত ছিল। এ পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে একটি হেল্পলাইন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। সংক্রমণের খবর পেলেই চিকিৎসকরা সরাসরি রোগীর বাড়িতে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
তিনি সবাইকে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে রূপগঞ্জের স্বাস্থ্যসেবা উন্নয়নে হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকগুলো আধুনিকায়নের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।