দেশের সংস্কৃতিতে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পদক’ পেয়েছেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি-র উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, সেলিমা ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিচারপতি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিন প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র পক্ষে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেন তার নাতনি জাইমা রহমান। স্বাধীনতা পুরস্কারের জন্য এ বছর বিভিন্ন ক্ষেত্রে আরও ১৪ জন বিশিষ্ট ব্যক্তি মনোনীত হন। তাদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধে অবদানের জন্য মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংগীতে বশীর আহমেদ (মরণোত্তর), ক্রীড়ায় জোবেরা রহমান লিনু এবং সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর)।
এছাড়া পাঁচটি প্রতিষ্ঠানকেও স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এবং গণস্বাস্থ্য কেন্দ্র। উল্লেখ্য, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়। এর আগে ২০১০ সালে একুশে পদকসহ আরও বহু সম্মাননায় ভূষিত হয়েছেন হানিফ সংকেত।