ইতালির ভেনিসে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্থার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর সঙ্গে থাকা শিশুর কথা উল্লেখ করে বাঁধন আকুতি জানালেও আক্রমণকারীদের একজনকে বলতে শোনা যায়, “কীসের আবার বাচ্চা, ওকে জয় বাংলা বলতে হবে।”
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুকে ছাত্রলীগ নেতা হাওলাদার মনিরুলের একটি ভিডিও শেয়ার করেন বাঁধন। ভিডিওতে বাঁধনকে দেশদ্রোহী ও জঙ্গি আখ্যা দিয়ে তাঁর ওপর ডিম নিক্ষেপ করতে বলতে শোনা যায়। রোববার ভেনিসের একটি পার্কে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি বাঁধনের গায়ে হাত তুলছেন এবং তাঁকে উদ্দেশ করে বলছেন, “এরা জুলাই জঙ্গি। এরাই দেশটাকে ধ্বংস করেছে। এরা যেখানেই থাকুক, তাদেরকে আমরা উচিত শিক্ষা দিব।”
এ সময় বাঁধনের সঙ্গে থাকা শিশুর প্রসঙ্গ উঠলে একজনকে বলতে শোনা যায়, “কীসের আবার বাচ্চা, ওকে জয় বাংলা বলতে হবে।”
জানা যায়, ইতালির ভেনিসে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ভাই ও ভাইয়ের পরিবারের সঙ্গে সেখানে গেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
ইতিহাস গড়ে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক ‘অরিজন্তি’ বিভাগে প্রদর্শিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। স্থানীয় সময় বেলা সোয়া ২টায় এবং বাংলাদেশ সময় ৬ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টায় সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
সিনেমাটির মুখ্য চার নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন। সিনেমাটি পরিচালনা করেছেন রুবাইয়াত হোসেন।