দেশে আবারও বাড়ানো হয়েছে এলপিজির দাম। চলতি মাসে এটি দ্বিতীয় দফা মূল্যবৃদ্ধি।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রোববার (১৯ এপ্রিল) নতুন দাম ঘোষণা করে, যা সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
নতুন ঘোষণা অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এপ্রিলের শুরুতে ৩৮৭ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা। ফলে এক মাসে মোট দাম বেড়েছে ৫৯৯ টাকা।
বর্তমানে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১৬১ টাকা ৬৬ পয়সা এবং অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ দশমিক ৯০ টাকা। একই অনুপাতে অন্যান্য ওজনের সিলিন্ডারের দামও সমন্বয় করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং সরবরাহ জটিলতার কারণে এই সমন্বয় করা হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাত ও হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তার কারণে পরিবহন, বিমা ও নিরাপত্তা ব্যয় বেড়েছে, যার প্রভাব পড়ছে দেশীয় বাজারে।
তবে বেসরকারি খাতে দাম বাড়লেও সরকারি এলপিজির মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।
উল্লেখ্য, মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত ছিল।