ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বড় ও ছোট পর্দায় সমানতালে কাজ করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।
ক্যারিয়ারের শুরু থেকেই তিনি রিয়াজ, মান্না, শাকিব খান, রুবেল ও আমিন খান-এর মতো তারকাদের সঙ্গে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মনের মাঝে তুমি’, ‘মধুর মিলন’ ও ওরা আমাকে ভালো হতে দিল না।
বিশেষ করে কাজী হায়াত পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মাননা পান।
সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের সৌন্দর্য নিয়ে ভক্তদের প্রশংসা প্রসঙ্গে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। তিনি জানান, ভক্তদের এমন ভালোবাসা ও প্রশংসা তিনি উপভোগ করেন। পূর্ণিমা বলেন, সময়ের সঙ্গে তার মধ্যেও পরিবর্তন এসেছে, তবে দর্শকদের ভালোবাসাকে তিনি ‘আশীর্বাদ’ হিসেবে দেখেন।
তবে নিজেকে একমাত্র সুন্দরী মনে করেন না উল্লেখ করে তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে তার চেয়েও অনেক সুন্দরী ও আকর্ষণীয় অভিনেত্রী রয়েছেন। সবশেষে ভক্তদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে পূর্ণিমা বলেন, দর্শকদের ভালোবাসা ও দোয়ার কারণেই তিনি আজকের অবস্থানে আছেন।