বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে সিন্ডিকেটের মাধ্যমে গুটিকয়েক ব্যক্তির হাতে দেশের ১৮ কোটি মানুষকে জিম্মি হতে দেবে না সরকার।
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব খাদ্যমূল্যে বড় ধরনের প্রভাব ফেলবে না। তারপরও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু রয়েছে। এর মধ্যে টিসিবি-এর কার্যক্রম, ফ্যামিলি কার্ড এবং ঈদ উপলক্ষে ট্রাক সেল উল্লেখযোগ্য।
তিনি আরও বলেন, জ্বালানির দাম বাড়ার ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়লেও তার প্রভাব যাতে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নআয়ের জনগোষ্ঠী অনুভব না করে, সে জন্য সরকার প্রয়োজনীয় হস্তক্ষেপ করবে।
মূল্যস্ফীতি নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার তদারকি জোরদার করা হচ্ছে এবং প্রয়োজনে তা আরও বাড়ানো হবে।
তিনি জানান, আমদানি পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। বাজারে খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের কিছুটা সংকট রয়েছে। নির্ধারিত দামের চেয়ে খোলা সয়াবিন তেল কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে, যা সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।