প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, হাওরাঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে হাওরাঞ্চলের এক সংসদ সদস্যের কৃষকদের দুর্ভোগ তুলে ধরার পর তিনি এ ঘোষণা দেন।
জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ের নোটিশের পরিপ্রেক্ষিতে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ জানান, প্রবল বর্ষণে হাওরাঞ্চলের ফসলি জমি তলিয়ে যাচ্ছে এবং কৃষকরা ধান কাটতে চরম দুর্ভোগে পড়েছেন। এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। তিনি জানান, তিন দিন আগে আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে তিনটি জেলার স্থানীয় প্রশাসনকে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, অধিবেশন শুরুর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সঙ্গে আলোচনা করে হাওরাঞ্চলসহ ময়মনসিংহের কিছু এলাকায় ক্ষয়ক্ষতির বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এসব এলাকায় যেসব কৃষকের ফসল নষ্ট হয়েছে, তাদের শনাক্ত করে আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।