বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির দায়িত্ব নেওয়ার পর একের পর এক উদ্যোগ নিচ্ছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে নতুন তিনটি পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
দর্শকদের কথা বিবেচনায় রেখে এবং পরিবেশ রক্ষা ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে মিরপুর স্টেডিয়ামের ছাউনির ওপর সোলার সিস্টেম স্থাপনের পরিকল্পনা করছে বিসিবি। তামিম জানান, বিষয়টি এখনও প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে। এছাড়া স্টেডিয়ামের যেসব স্থানে শেড নেই, সেখানে নতুন করে ছাউনি বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, স্কোরবোর্ড সংলগ্ন গ্যালারিতে শেড না থাকায় দর্শকরা প্রচণ্ড গরমে কষ্ট পান। এ সমস্যা সমাধানে প্রায় ২৭ হাজার স্কয়ার ফিট এলাকায় ক্যানোপি (ছাউনি) স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্রিকেট কাঠামো উন্নয়নের অংশ হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ও দ্বিতীয় একাদশ গঠনের পরিকল্পনাও তুলে ধরেন তামিম। তিনি বলেন, বর্তমানে সীমিতসংখ্যক ক্রিকেটারই একাধিক টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছেন, ফলে নিচের স্তরের খেলোয়াড়দের সুযোগ কমে যাচ্ছে।
তার মতে, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ থেকে জাতীয় দলে খেলোয়াড় উঠে আসার প্রবণতা কম, কারণ সেই পর্যায়ে পর্যাপ্ত প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম তৈরি করা হয়নি। নতুন পরিকল্পনার মাধ্যমে এ সমস্যা দূর করার চেষ্টা করা হবে।