খেলা

এশিয়ান গেমসে পূর্ণ শক্তির বাংলাদেশ ক্রিকেট দল, নেতৃত্বে লিটন

detaillogo
ডেস্ক নিউজ
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৬
PostImage

বাংলাদেশ ছাড়াও এতে অংশ নিচ্ছে স্বাগতিক জাপান, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, মালয়েশিয়া, হংকং ও ওমান।


জাপানের আইচি প্রিফেকচার ও নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের জন্য পূর্ণ শক্তির বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। ২ সেপ্টেম্বর সন্ধ্যায় ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডের নেতৃত্বে রয়েছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত আইচি প্রিফেকচারের করোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্ট। বাংলাদেশ ছাড়াও এতে অংশ নিচ্ছে স্বাগতিক জাপান, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, মালয়েশিয়া, হংকং ও ওমান।


টেস্ট খেলুড়ে দল হিসেবে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। সেখানে টাইগারদের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। ‘বি’ গ্রুপে রয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান।  ২৯ সেপ্টেম্বর এশিয়ান গেমসে প্রথম ম্যাচ খেলবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে জিতলে ১ অক্টোবর সেমিফাইনালে মাঠে নামবে টাইগাররা। আর ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে পদক নির্ধারণী ম্যাচ।


লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ পূর্ণ শক্তির স্কোয়াডই পাঠাচ্ছে এশিয়ান গেমসে। আফগানিস্তান মূল দলের অনেক ক্রিকেটারকে বিশ্রাম দিলেও ভারত ও পাকিস্তানও বাংলাদেশের মতো প্রথম সারির দল পাঠাচ্ছে। লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দলে রয়েছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

তবে সম্প্রতি ব্যাট হাতে ঝড় তুলে নতুন করে আলোচনায় আসা সাব্বির রহমান স্কোয়াডে জায়গা পাননি।