খেলা

রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে আফসোস নেই: সাকিব আল হাসান

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৪ মে ২০২৬, ১০:১৮
PostImage

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, রাজনৈতিক জীবনের শুরুতে নানা চ্যালেঞ্জ ও সমালোচনার মুখোমুখি হলেও তিনি হতাশ নন। বরং এসব অভিজ্ঞতা তাকে আরও বাস্তববাদী করেছে এবং রাজনীতিতে কাজ করার আগ্রহ বাড়িয়েছে।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানান, রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে তার কোনো আফসোস নেই। তার ভাষায়, সময়ের সঙ্গে অনেক সিদ্ধান্তের সঠিকতা আরও পরিষ্কার হয়ে ওঠে। তিনি বলেন, মানুষ প্রায়ই ভুলে যায় যে তিনি একটি নির্দিষ্ট আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। দেশের মানুষের ভালোবাসা তিনি ক্রিকেটার হিসেবে পেয়েছেন, তবে নির্বাচনে জয় এসেছে এলাকার ভোটারদের সমর্থনে।

দেশের রাজনীতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরে সাকিব বলেন, বাংলাদেশে এখনো অনেকের মধ্যে রাজনীতি সম্পর্কে নেতিবাচক ধারণা রয়েছে। অথচ মানুষের সেবা করার অন্যতম বড় মাধ্যমই হচ্ছে রাজনীতি।

তিনি মনে করেন, শুধু সিদ্ধান্ত নিলেই পরিবর্তন আনা সম্ভব নয়; বরং পুরো ব্যবস্থার ভেতরে থেকে আরও গভীরভাবে কাজ করা প্রয়োজন। সাকিব বলেন, অনেকেই ব্যক্তিগত সুবিধার জন্য রাজনীতিতে আসেন। ফলে যারা সত্যিকার অর্থে মানুষের জন্য কাজ করতে চান, তারা অনেক সময় সুযোগ পান না। তিনি আরও বলেন, যে কেউ রাজনীতিতে অংশ নিতে পারেন এবং যে কোনো দল করতে পারেন। তবে খারাপ কাজের বিচার হওয়া জরুরি, একই সঙ্গে নির্দোষ মানুষ যেন অযথা ভোগান্তির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে।

রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে এখনো যোগাযোগ রয়েছে বলেও জানান এই সাবেক সংসদ সদস্য। দেশে ফিরে আবার ক্রিকেট খেলা নিয়ে দলের নেতা-কর্মীরা কী ভাববেন—এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, সেটি তার চেয়ে দলের লোকেরাই ভালো বলতে পারবেন।