রাজধানীর বাজারে আবারও বেড়েছে সবজির দাম। সেই সঙ্গে অস্থির হয়ে উঠেছে ডিমের বাজারও। ফলে নিত্যপণ্যের বাজার করতে গিয়ে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজির দাম এখন কেজিপ্রতি ৮০ থেকে ১২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বর্তমানে বাজারে লম্বা বেগুন প্রতি কেজি ১০০ টাকা এবং গোল বেগুন ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শসা, করলা, ঝিঙা, চিচিঙ্গা ও ধুন্দুলের দামও কেজিপ্রতি ১০০ টাকা।
বরবটি ও কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে ১০০ টাকা, পটোল ৮০ টাকা এবং কাঁকরোল ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে ঢেঁড়সের দাম কেজিপ্রতি ৬০ টাকা হলেও লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে ১০০ টাকায়। কাঁচা মরিচের দাম বেড়ে কেজিতে ১৬০ টাকা হয়েছে। গাজর বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। বাজারে জালি লাউয়ের দামও বেড়ে প্রতি পিস ৭০ টাকায় পৌঁছেছে।
অন্যদিকে গত সপ্তাহ থেকেই ডিমের বাজারে অস্থিরতা দেখা দেয়। চলতি সপ্তাহে ফার্মের মুরগির ডিমের দাম ডজনপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতি ডজন ডিম ১৫০ থেকে ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে আসা ক্রেতাদের অভিযোগ, প্রায় সব ধরনের সবজির দামই এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। ১০০ টাকার নিচে খুব কম সবজি পাওয়া যাচ্ছে বলে জানান তারা।
ক্রেতাদের দাবি, বাজারে কার্যকর নজরদারির অভাব রয়েছে। বিক্রেতারা ইচ্ছামতো দাম বাড়িয়ে বিক্রি করছেন। নিয়মিত বাজার মনিটরিং থাকলে এমন পরিস্থিতি তৈরি হতো না বলেও মনে করেন তারা।
তবে ব্যবসায়ীদের দাবি, উৎপাদন ও সরবরাহ কমে যাওয়া এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় সবজি ও ডিমের দাম বেড়েছে।