বিনোদন

দৃষ্টিশক্তি ফিরে পেয়ে আবেগঘন বার্তা দিলেন কাঞ্চন মল্লিক

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৫ মে ২০২৬, ১৫:৪৬
PostImage

ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় হারাতে বসেছিলেন টালিউডের কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিক। তবে সফল লেজার চিকিৎসার মাধ্যমে আবারও স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছেন তিনি।


ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় হারাতে বসেছিলেন টালিউডের কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিক। তবে সফল লেজার চিকিৎসার মাধ্যমে আবারও স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছেন তিনি। এ ঘটনায় চিকিৎসককে নিজের জীবনের “নতুন আলো” ও “নতুন সূর্য” বলে অভিহিত করেছেন অভিনেতা।

শুক্রবার (১৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরেন কাঞ্চন মল্লিক। তিনি জানান, ছোটবেলা থেকেই তার চোখে চশমা ছিল। ডান চোখে মাইনাস ৮ এবং বাম চোখে মাইনাস ৩ পাওয়ার ছিল তার।

অভিনেতার ভাষ্য অনুযায়ী, সময়ের সঙ্গে সঙ্গে ডান চোখের দৃষ্টিশক্তি আরও কমতে থাকে। বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হলেও একপর্যায়ে তাকে জানানো হয়, ডান চোখে পাওয়ার বেড়ে মাইনাস ১৮ হয়ে গেছে এবং এটি আর স্বাভাবিক করা সম্ভব নয়।


পরে স্ত্রী শ্রীময়ী চট্টরাজ-এর পরামর্শে তিনি শহরের একটি বেসরকারি চক্ষু হাসপাতালে যান। সেখানে চিকিৎসক সমর কুমার বসাক তাকে লেজার অপারেশনের পরামর্শ দেন। কাঞ্চন জানান, সফল অস্ত্রোপচারের পর এখন তার ডান চোখে আর কোনো পাওয়ার নেই এবং বাম চোখে মাত্র মাইনাস ১ পাওয়ার রয়েছে। ফলে দীর্ঘ ৪০ বছরের বেশি সময় ধরে ব্যবহার করা চশমা এখন আর বাধ্যতামূলক নয়। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি লেখেন, চিকিৎসক সমর কুমার বসাক শুধু একজন ডাক্তার নন, তিনি তার জীবনের নতুন আলো। তার কারণেই আবার নতুন করে পৃথিবীকে দেখতে পারছেন তিনি।


এদিকে অতীতে আরজি কর আন্দোলন নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখেও পড়েছিলেন কাঞ্চন মল্লিক। সে সময় চিকিৎসকদের কর্মবিরতি ও আন্দোলন নিয়ে তার বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছিল। তবে বর্তমানে সেই বিতর্ক অনেকটাই অতীত।