ঢাকাসহ দেশের ৯ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
শুক্রবার (১৫ মে) বিকেল ৩টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলেও জানানো হয়েছে। পাশাপাশি এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।