প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী এক বছরের মধ্যে দেশের প্রায় ৫০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। জুন মাসের বাজেটে এ খাতে বড় ধরনের বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি। শনিবার (১৬ মে) চাঁদপুরের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লার লাকসামের মুদাফফরগঞ্জ বাজারে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার ইতোমধ্যে তা বাস্তবায়ন শুরু করেছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকার মানুষ এ সুবিধার আওতায় আসবে।
তারেক রহমান বলেন, বিএনপি জনগণকে যে প্রতিশ্রুতি দেয়, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়নের চেষ্টা করে। এর আগে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আরেকটি পথসভায় বক্তব্য দেন তিনি। সেখানে স্থানীয় জনপ্রতিনিধিরা কুমিল্লাকে বিভাগ ঘোষণা এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, কুমিল্লাকে বিভাগ করার দাবি যদি জনগণের দাবি হয়ে থাকে, তাহলে সরকার তা বাস্তবায়নের উদ্যোগ নেবে। একই সঙ্গে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও ইতিবাচক আশ্বাস দেন তিনি।
খাল পুনঃখননের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবেই তিনি চাঁদপুর সফরে যাচ্ছেন। জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। আওয়ামী সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, বিগত সময়ে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির কারণে দেশের অর্থনীতি চাপের মুখে পড়েছে। তিনি আরও বলেন, জনগণই দেশের প্রকৃত মালিক। সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ে তুলতে হবে এবং প্রতিটি মানুষকে স্বাবলম্বী করার উদ্যোগ নিতে হবে।
শনিবার সকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।