বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর পরিচালনা পর্ষদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। তফশিল অনুযায়ী আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। শনিবার (১৬ মে) আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফশিল প্রকাশ করা হয়। তফশিল অনুযায়ী, আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
এর আগে গত ৭ এপ্রিল তামিম ইকবাল-এর নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। ওই সময় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছিল, তিন মাসের মধ্যেই নতুন নির্বাচনের আয়োজন করবে অ্যাডহক কমিটি। নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনের আয়োজন করতে কাজ চালিয়ে যাচ্ছে তামিম ইকবালের নেতৃত্বাধীন কমিটি।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে বিসিবির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন কমিটি বিভিন্ন বিরোধিতার মুখে পড়ে। পরে ওই কমিটির সাতজন পরিচালক পদত্যাগ করেন।