নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এনসিপির কেন্দ্রীয় নেতা উদ্দিন পাটোয়ারীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় মোবাশ্বির হোসান তামিম (১৯) নামে সন্ত্রাসীরা এক কলেজ শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে উপজেলার সিরাবো আইডিয়াল কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে বিকেলে শিক্ষার্থী মোবাশ্বির হোসাইন তামিম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দেন।
মোবাশ্বির হোসাইন তামিম জানান, তিনি স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। তামিম এনসিপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী ইমরান, তুহিন, আকাশ, আবু জজ ও মামুনসহ অজ্ঞাত ১৫/১৬ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তামিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে এলোপাতারিভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তামিমের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা চলে যায়। পরে তামিমকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।