নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে মোঃ রূয়হান (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে। ১৯ মে মঙ্গলবার ভোরের দিকে সাওঘাট এলাকার নুরুজ্জামান রাজার বাড়িতে আম গাছের ঢালের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান রায়হানের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রূপগঞ্জ থানা ভুলতা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি ওই যুবক নূরে মদিনার ডাইং কারখানার এক নারী শ্রমিকের সাথে প্রেমের সম্পর্কে মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
সচেতন মহলের ধারণা বাংলাদেশে আত্মহত্যার অন্যতম সাধারণ পদ্ধতি হিসেবে গলায় ফাঁস নেওয়ার ঘটনা বেশি দেখা যায় এবং মানসিক চাপ, পারিবারিক কলহ ও হতাশা এর বড় কারণ হিসেবে উল্লেখ করা হয়।
ভুলতা ফাঁড়ির উপপরিদর্শক আনোয়ার হোসাইন জানান, আজ ভোর ৪.৪৫ মিনিটের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোঃ রায়হান এর মৃতদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।