রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যা ও ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে বহুল আলোচিত এ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো। সোমবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ আদেশ দেন। একইসঙ্গে মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৪ মে মামলাটির চার্জগঠন শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছিল। মামলার অভিযোগপত্র অনুযায়ী, সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ আনা হয়েছে।
তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান আদালতে দাখিল করা অভিযোগপত্রে ১৮ জনকে সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। অভিযোগপত্র আমলে নিয়ে আদালত মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠান।
উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে নির্মমভাবে হত্যা করা হয়। তদন্তে হত্যার আগে তাকে ধর্ষণের আলামতও পাওয়া যায়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।