জাতীয়

রাতের মেট্রোরেল চলাচল ২০ মিনিট বাড়ছে, কার্যকর ৭ জুন থেকে

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৪ জুন ২০২৬, ১৩:৫২
PostImage

যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে রাতের মেট্রোরেল চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।


যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে রাতের মেট্রোরেল চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী ৭ জুন (রোববার) থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।

নতুন সময়সূচি অনুযায়ী মেট্রোরেলে একটি অতিরিক্ত ট্রিপ যুক্ত করা হচ্ছে। ফলে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী শেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে যাবে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে।


বর্তমানে উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে যাত্রা শুরু করে। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে উভয় প্রান্ত থেকেই শেষ ট্রেন ২০ মিনিট পরে চলাচল করবে। এ বিষয়ে ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (এমআরটি লাইন-৬)-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী জানান, যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে একটি অতিরিক্ত ট্রিপ চালু করা হচ্ছে। এর ফলে রাতের সেবার সময়ও বাড়ানো হয়েছে।


তিনি বলেন, “নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে শেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। আগামী ৭ জুন থেকে এ সময়সূচি কার্যকর হবে।”

উল্লেখ্য, দেশের প্রথম মেট্রোরেল ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে যাত্রা শুরু করে। পরে ধাপে ধাপে নতুন স্টেশন চালু করা হয়। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মতিঝিল পর্যন্ত সব স্টেশন চালু হলে উত্তরা-মতিঝিল রুটে পূর্ণাঙ্গ যাত্রীসেবা শুরু হয়।

বর্তমানে কমলাপুর স্টেশনের নির্মাণকাজ চলমান রয়েছে। স্টেশনটির কাজ সম্পন্ন হলে এমআরটি লাইন-৬-এর পুরো রুটে মেট্রোরেল সেবা চালু হবে।