জাতীয়

তাপপ্রবাহের এমন তীব্রতা কতদিন থাকবে জানাল আবহাওয়া অফিস

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৪ জুন ২০২৬, ১৪:৩০
PostImage

দেশজুড়ে তীব্র গরমের মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে


দেশজুড়ে তীব্র গরমের মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, বুধবার (৩ জুন) দেশের ৪৮টি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গেছে, যা চলতি বছরে একসঙ্গে সবচেয়ে বেশি জেলায় তাপপ্রবাহ ছড়িয়ে পড়ার ঘটনা।


আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাধারণত মে মাসের শেষ দিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশে প্রবেশ করলেও এবার বর্ষা আসতে দেরি হওয়ায় গরমের তীব্রতা ও বিস্তৃতি বেড়েছে। তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর প্রভাবে শুক্রবার (৫ জুন) থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।


আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, চলতি মাসে সামগ্রিক তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। তবে শুক্রবার থেকে তাপপ্রবাহের বিস্তৃতি ও তীব্রতা কমতে শুরু করার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানিয়েছেন, মৌসুমি বায়ু বাংলাদেশে প্রবেশ করতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে, যা স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা বিলম্বিত। তবে মৌসুমি বায়ু প্রবেশের পর ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে এবং গরমের তীব্রতা কমে আসবে।